সিলেটটুডে ডেস্ক | ১৪ ডিসেম্বর, ২০১৫
বিসিবি আয়োজিত বিপিএল খেলায় পাকিস্তানি ক্রিকেটার বেশি কেন, এমন প্রশ্ন করে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, ‘বিষয়টি দেশের স্বাধীনতার জন্য অবমাননাকর।’
রোববার রাজধানীর ধানমন্ডিস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
পাকিস্তানের সাথে বাংলাদেশের সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে তরিকত চেয়ারম্যান বলেন, ‘পাকিস্তানি পণ্যের সঙ্গে ওই দেশের ক্রিকেটারদেরও এ দেশে আনা যাবে না।’
এ সময় বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানান ১৪ দলীয় জোটের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান।
সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘সারাদেশে জ্বালাও পোড়াও, সহিংস ঘটনার জন্য খালেদা জিয়াকে গ্রেপ্তার এবং জামায়াতকে নিষিদ্ধ না করলে দেশে জঙ্গিবাদ বন্ধ হবে না।’
পিস টিভি, পিস স্কুল এবং পাবলিকেশনের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াত নিয়ন্ত্রিত অর্থনৈতিক প্রতিষ্ঠানসসমূহ সরকারকে অতিসত্বর বন্ধ করতে হবে।’
জামায়াতের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রায়াত্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘জামায়াতের তকমা লাগানো প্রতিষ্ঠান থেকে সরকারের অর্থনৈতিক সুবিধা এবং স্পন্সরশিপ গ্রহণ বন্ধ করতে হবে।’
নজিবুল বশর বলেন, ‘পিস স্কুলের চেয়ারম্যান হলেন ছাত্রশিবিরের সাবেক এক নেতা। জামায়াতের এসব প্রতিষ্ঠানের সাথে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীও জেনে না জেনে জড়িত আছেন।’
উল্লেখ্য, তরিকতের মামলায় আদালত জামায়াতের নিবন্ধন বাতিল করে।
সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব এম এ আউয়াল লিখিত বক্তব্যের মাধ্যমে আগামী ২৫ ডিসেম্বর পবিত্র মিলাদুলন্নবী উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ সরকারের কাছে ছয় দফা দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাদপরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মুতাওয়াক্কিল রাব্বানী, জাহাঙ্গীর হাসান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী ফারুকী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তৈয়বুল বাসার মাইজভান্ডারী, দপ্তর সম্পাদক সেলীম মিয়াজী প্রমুখ।