Sylhet Today 24 PRINT

বাসা থেকে শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মে, ২০২২

নেত্রকোণায় এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ মে) রাত সাড়ে ১২টার দিকে জেলার কেন্দুয়া পৌর শহরের একটি বাসা থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেহেরুন্নেছা নেলী (৪৫) নামের ওই স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মেহেরুন্নেছা পৌর শহরের আরামবাগ এলাকার বাসিন্দা উপজেলার দুঃখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের স্ত্রী এবং উপজেলার জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বলে জানা গেছে।

জানা যায়, রাত ১১টার দিকে বাসার বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই শিক্ষিকার মরদেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে তার প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.