Sylhet Today 24 PRINT

সেতুর নাম পদ্মাই থাকছে

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মে, ২০২২

পদ্মা নদীর ওপর উদ্বোধনের অপেক্ষায় থাকা সেতুর নাম নদীর নামেই থাকছে। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন।

মঙ্গলবার (২৪ মে) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা নদীর নামেই নামকরণ করা হবে পদ্মা সেতুর।

ওবায়দুল কাদের বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর দুটো সামারি (সার সংক্ষেপ) দিয়েছিলাম। একটা পদ্মা সেতু উদ্বোধনের সামারি, যেখানে তিনি ২৫ জুন তারিখ লিখে সই করেছেন। আরেকটি ছিল পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার। সেটিতে তিনি সই করেননি। তিনি বলেছেন, পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামেই হবে। এখানে কারও নাম থাকার দরকার নেই।

সেতুমন্ত্রী বলেন, আগামী ২৫ জুন (শনিবার) সকাল ১০টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করবেন।

উদ্বোধনের দিনটিকে স্মরণীয় করে রাখতে উদ্বোধনের দিন সেতুর দুই প্রান্তে নানান আনুষ্ঠানিকতা থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.