Sylhet Today 24 PRINT

এবার ঢাকায় সাংবাদিককে পেটালো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মে, ২০২২

সিলেটের পর ঢাকায় ছাত্রলীগ কর্মীর হামলার শিকার হয়েছেন আবির আহমেদ নামের এক সাংবাদিক। তিনি ডেইলি ক্যাম্পাস নামে একটি গণমাধ্যমের সাংবাদিক। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরের দিকে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানান আক্রমণের শিকার ওই সাংবাদিক নিজেই।

এদিকে ছাত্রদলের তকমা দিয়ে সাংবাদিক আবিরকে ছাত্রলীগের নেতা-কর্মীরা পিটিয়েছেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।

আবির আহমেদ বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় আমি লাইভ দিচ্ছিলাম। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী আমার ওপর হামলা চালায়। তারা আমার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এদিকে গত সোমবার বিকেলে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে নগরের আলিয়া মাদ্রাসার ভেতরে হামলার শিকার হন সিলেটের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি মঈন উদ্দিন মঞ্জু। আলিয়া মাদ্রাসার ভিতর থেকে তিনিও তখন ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা সরাসরি সম্প্রচার করছিলেন।

পরে হামলার ঘটনায় মঙ্গলবার (২৪ মে) রাতে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব ও অজ্ঞাত ৪-৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.