Sylhet Today 24 PRINT

১২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ চালু

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মে, ২০২২

১২ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (২৮ মে) সকাল পৌনে ১০টার দিকে গাজীপুরের মৌচাক এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া দুটি বগি উদ্ধার করা হয়। এর পরেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে, শুক্রবার (২৭ মে) রাত ১০টার দিকে বগি দুটি লাইনচ্যুত হয়। পরে রাত ২টার দিকে শুরু হয় উদ্ধার কার্যক্রম। এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পাকশি রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম বলেন, ‘গতকাল রাত ১০টা ১০ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়। খবর পাওয়ার পর ঢাকা ডিভিশন থেকে রিলিফ ট্রেন কল করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্ম-দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

মৌচাক রেল স্টেশনের স্টেশন মাস্টার শাহিনুর রহমান শাহিন বলেন, ‘প্রায় ১২ ঘণ্টা পর সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.