Sylhet Today 24 PRINT

ভাবিকে কুপিয়ে হত্যা, আহত ২

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০২২

রাজধানীর শ্যামপুর পশ্চিম জুরাইন এলাকায় পারিবারিক কলহের জেরে দেবরের হাতে ভাবি খুন হয়েছে। নিহতের নাম মোছা. নাজমা বেগম (৩২)। শনিবার (৪ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট দেবর নাসির হোসেন বলেন, আমার ভাই বেশ কিছুদিন আগে মারা যান। আজ সকালে আমার মেজো ভাই আবুল কালাম সেন্টু আমার ভাবির ঘরে ঢুকে তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আমি বাধা দিতে গেলে আমার হাতে ছুরিকাঘাত করে। এতে আমার হাতও কেটে যায়। কী কারণে আমার ভাবিকে কুপিয়ে হত্যা করেছে এ বিষয়ে আমি কিছু জানি না।

তিনি জানান, কদমতলীর পশ্চিম জুরাইনে নিজ বাসায় সপরিবারে তারা থাকেন। নিহতের দুই ছেলে এক মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.