Sylhet Today 24 PRINT

জ্বলছে আগুন, হচ্ছে বিস্ফোরণ, বাড়ছে মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুন, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন এখনও পুরোপুরি নেভেনি। অনেক জায়গায় দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। আর কিছুক্ষণ পরপর শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণে আশপাশের এলাকার বিভিন্ন ভবনের কাচ ভেঙে গেছে।

এখন পর্যন্ত ফায়ার সার্ভিসকর্মীসহ ১৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার (০৫ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার শতাধিক।

দগ্ধদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন। শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, আগুন লাগার সময় বড় একটি বিস্ফোরণের পর আরও ১৫ থেকে ২০টি বিস্ফোরণ ঘটে। ভোর ৪টার দিকেও আরও একবার বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।

তবে, ভোর ৬টার দিকে ডিপোর বেশিরভাগ জায়গার আগুন নিভে এলেও, কিছু জায়গা থেকে ধোঁয়া বেরুতে দেখা গেছে। এ সময় ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীকে আগুন নেভানোর কাজ করতে দেখা যায়।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের অন্তত ৭ জন কর্মী আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের ধারণা কেমিকেল কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.