Sylhet Today 24 PRINT

সীতাকুণ্ডের আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুন, ২০২২

সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে শনিবার রাতে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় রোববার সকাল ১০টার দিকে অভিযানে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় ২০০ জনের একটি দল।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর দলের যোগ দেওয়ার কথা জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন। একই সঙ্গে ৯ সদস্যের একটি কমিটি করার কথাও জানিয়েছেন তিনি।

ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম সেনানিবাসের ইঞ্জিনিয়ারিং কোর ১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরা সুলতানা সাংবাদিকদের বলেন, ‘কন্টেইনার ডিপোটিতে হাইড্রোজেন পারঅক্সাইড রয়েছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। আমাদের কেমিক্যাল বিশেষজ্ঞরা ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে, সে জন্য সেনাবাহিনীর ১৫০ থেকে ২০০ সদস্য অভিযানে অংশ নেবেন। আগুনের সূত্রপাত কীভাবে হলো জানতে তদন্ত কমিটি করা হবে। কমিটি চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হবে।’

এদিকে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে ও আহত প্রত্যেক ব্যক্তিকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

শনিবার দিবাগত রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ৩৭ জন নিহত হওয়ার খবর জানা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.