Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনায় ৩ বৈজ্ঞানিক কর্মকর্তাসহ ৪ জন নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুন, ২০২২

ঢাকার সাভারে দুটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তাসহ চারজন নিহতে হয়েছেন। এ সময় অন্তত ১৫ জন আহত হন।

রোববার (৫ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাভারের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী কাউসার আহম্মেদ রাব্বি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা পূঁজা সরকার, ও পরমাণু শক্তি কমিশন স্টাফবাসের চালক রাজিব হোসেন। বাসটি রায়েরবাগ রুটের ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিচ্ছিল। এ সময় গরু বোঝাই একটি ঢাকাগামী ট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়। পরে বাসটির সামনের অংশ নবীনগরগামী লেনে বের হয়ে গেলে ঢাকা থেকে আসা দ্রুতগামী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে তিনজন মারা যান।

এছাড়া এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। পরে সাভার ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে পাঠান।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়।

সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক আতিকুর রহমান বলেন, নিহত চারজনের মরদেহ পুলিশ হেফাজতে হাসপাতালের মর্গে আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.