Sylhet Today 24 PRINT

দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে বিএনপির ৩ দিনের কর্মসূচি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুন, ২০২২

গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে আগামী ৯ জুন ঢাকা মহানগরসহ সব মহানগরে এবং ১১ জুন জেলা সদরে বিক্ষোভ ও ১৩ জুন উপজেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া এ সিদ্ধান্ত মঙ্গলবার (৭ জুন) দুপুরে গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির অঙ্গ সংগঠন সমূহও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।

তিনি বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি যখন জন-জীবন চরম দুর্ভোগ সৃষ্টি করছে সেই সময় গ্যাসের ২২.৭৮ মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে মরার ওপর খাড়ার ঘা হিসাবে আঘাত করল। রান্নার জন্য ব্যবহৃত চুলার গ্যাসের মূল্য বৃদ্ধি, সার কারখানার ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি, শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা গ্যাসের মূল্য বৃদ্ধি সেই সঙ্গে প্রতি ঘন মিটার ১০ পয়সা ডিমান্ড চার্জ সংযুক্ত করে একদিকে মানুষের দৈনিন্দন জীবনের ব্যয় বৃদ্ধি অন্যদিকে কৃষি, শিল্প ও বিদ্যুৎ সরবরাহে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে।

মির্জা ফখরুল বলেন, এই মূল্য বৃদ্ধির ফলে প্রতিটি দ্রব্যের দাম আরও বেড়ে যাবে। কোনো মতেই জনগণের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব হবে না। অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে পুর্বের মূল্যে ফিরে যাওয়ার দাবি জানানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সভায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.