Sylhet Today 24 PRINT

সিলেটে কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুন, ২০২২

সিলেটে কিশোর গ্যাংয়ের জিসান গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নগরের শাহপরান থানাধীন এলাকায় একটি সিএনজি অটোরিকশায় ছিনতাইয়ের পর অভিযান চালিয়ে র‌্যাব গতকাল সোমবার তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হল, শাহপরান থানাধীন আটগাঁও খেওয়া এলাকার হায়দর মিয়ার ছেলে হৃদয় আহমদ (১৯) ও একই থানার টিকরপাড়ার নিজাম উদ্দিনের ছেলে হিমেল আহমেদ (১৯)।

মঙ্গলবার (৭ জুন) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম জানান, সিলেট নগরীতে দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং জিসান গ্রুপ চুরি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধকর্ম চালিয়ে আসছে। জিসান নামের একজন এই গ্রুপকে নেতৃত্ব দেয়।

তিনি জানান, গতকাল সোমবার নগরী থেকে গোলাপগঞ্জের বাঘা পরগনায় যাওয়ার কথা বলে একটি সিএনজি অটোরিকশায় ওঠে কিশোর গ্যাংয়ের চার সদস্য। অটোরিকশাটি শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকায় পৌঁছার পর তারা চাকু বের করে চালককে ভয় দেখিয়ে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে অবগত হয়ে অভিযান শুরু করে র‌্যাবের গোয়েন্দা দল। অভিযানে হৃদয় ও হিমেলকে গ্রেফতার করা হয়।

মূলহোতা জিসানকে গ্রেপ্তারে অভিযান চলছে ও গ্রেপ্তারকৃতদের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.