সিলেটটুডে ডেস্ক | ০৮ জুন, ২০২২
সাংবাদিক ফজলে এলাহী
রাঙামাটির স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকা ও অনলাইন পোর্টাল পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা–পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ফজলে এলাহীর বিষয়ে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারি পরোয়ানা আসার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতে তোলা হবে।
কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার বাদী রাঙামাটির সংরক্ষিত আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার। মামলার নম্বর ৮১৭/২২। সংবাদ প্রকাশের জেরে এই মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ফজলে এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক কালের কণ্ঠ ও এনটিভির রাঙামাটি প্রতিনিধি হিসেবেও কাজ করেন।
পাহাড় টোয়েন্টিফোর ডটকমে ২০২১ সালে প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ওই এলাকার সাবেক নারী সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনিন আনোয়ার এই মামলা করেন।