সিলেটটুডে ডেস্ক | ০৮ জুন, ২০২২
৬ মাসের মাথায় রাজধানীর হাতিরঝিলে ফের আরেক সংবাদকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার মরদেহ বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ চ্যানেলের প্রযোজক আবদুল বারীর (৩৫)।
বুধবার সকালে পুলিশ প্লাজার উল্টোদিকে সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান বলেন, আজ সকালে থানার টহল পুলিশ লেকের পাড়ে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। পরে ঘটনাস্থলে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আবদুল বারীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি আবুল হাসান।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বারীকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, সকালে ছিন্নমূল কয়েকজন শিশু নিকেতনের পার্শ্ববর্তী লেকপাড়ে একজনের মরদেহ দেখে পার্শ্ববর্তী পুলিশ সদস্যদের জানায়। পরে ঘটনাস্থলে গুলশান থানার পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন।
গুলশান বিভাগ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ জানান, মরদেহ এবং আলামত দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে বারীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করেছে ঘাতকরা। ধারণা করা হচ্ছে, প্রথমে বারীকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, পরে তিনি বাঁচার জন্য পানিতে নেমে পড়েন। কারণ, তার জামাকাপড় ভেজা ছিল। বারী আবার লেকপাড়ে উঠে এলে তাকে মাটিতে শুইয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। তার মরদেহের পাশ থেকে রক্তমাখা ছুরি, মানিব্যাগ এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গুলশান থানার ওসি, এসি, এডিসি এবং ডিবি ডিসি মশিউর।
পুলিশ জানায়, বারীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরে। তিনি ঢাকায় মহাখালীতে ব্যাচেলর থাকতেন।
এরআগে গত ১৯ জানুয়ারি রাতে হাতিরঝিল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় দৈনিক সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিব রহমানের (৪০) মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ঢালসংলগ্ন মসজিদের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবের মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। পরে হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।