Sylhet Today 24 PRINT

জামিন পেলেন সাংবাদিক ফজলে এলাহী

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০২২

সাংবাদিক ফজলে এলাহী

রাঙামাটির স্থানীয় দৈনিক ‘পার্বত্য চট্টগ্রাম পত্রিকা’ ও অনলাইন পোর্টাল ‘পাহাড় টোয়েন্টিফোর’ ডটকমের সম্পাদক ফজলে এলাহীকে জামিন দেওয়া হয়েছে। বুধবার রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাতেমা বেগম তাকে জামিন দেন। ফজলে এলাহীর জামিন পাওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তার আইনজীবী মুক্তার আহমেদ।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। জামিনের বিষয়ে আইনজীবী মুক্তার আহমেদ বলেন, ফজলে এলাহীর বিরুদ্ধে যে ধারায় মামলা হয়েছে তা জামিন পাওয়ার যোগ্য। জামিন আবেদন করার পর বুধবার আদালত তা মঞ্জুর করেন।

কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলার বাদী রাঙামাটির সংরক্ষিত আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার। মামলার নম্বর ৮১৭/২২। সংবাদ প্রকাশের জেরে এই মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফজলে এলাহী দৈনিক কালের কণ্ঠ ও এনটিভির রাঙামাটি প্রতিনিধি হিসেবেও কাজ করেন। তাকে গ্রেপ্তার করার পর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন গতকাল সাংবাদিকদের বলেন, ফজলে এলাহীর বিষয়ে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারি পরোয়ানা আসার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতে তোলা হবে।

সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানায় রাঙামাটি সাংবাদিক সমিতি, রিপোর্টার ইউনিয়ন, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.