Sylhet Today 24 PRINT

বান্দরবানে ‘অতিরিক্ত মদ্যপানে’ নারী পর্যটকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০২২

বান্দরবানের ‘অতিরিক্ত মদ্যপানে’ জারা হক (২২) নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।

বুধবার বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঢাকার গুলশানের বাসিন্দা।

পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী।

তিনি জানিয়েছেন, দুপুরে দুই বন্ধু একজন নারী পর্যটককে গুরুতর অসুস্থ অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়া অবস্থায় ওই পর্যটকের মৃত্যু হয়।

নিহতের বন্ধু মো. নিহাল বলেন, গত ৬ জুন ঢাকা থেকে বান্দরবানে ভ্রমণের জন্য এসে তারা তিন বন্ধু মেঘলায় গ্রীনপিক রিসোর্টে ওঠেন। ওই দিন তারা তিনজন ঢাকা থেকে নিয়ে আসা বিদেশি মদ পান করেন। অতিরিক্ত মদ্যপান করার কারণে শ্বাসকষ্ট বেড়ে জারা হক অসুস্থ হয়ে পড়ে।

নিহাল আরও বলেন, পরে জারাকে হিলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা বেশি খারাপ হওয়ায় জারাকে সেখান থেকে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।

বান্দরবান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইকবাল জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় জরুরি বিভাগেই ওই নারীর মৃত্যু হয়। ধারণ করা হচ্ছে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে এ-ই ঘটনাটি ঘটেছে।

বান্দরবান সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী বলেন, পর্যটকের লাশটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

সদর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মীর্জা জহির উদ্দিন জানান, নিহতের দুই বন্ধুকে বান্দরবান সদর থানার পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.