Sylhet Today 24 PRINT

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্ত, প্রেমিকার বিষ পানের পর পালালেন প্রেমিক

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুন, ২০২২

পরিবার প্রেমের সম্পর্ক না মেনে নেওয়ায় একসঙ্গে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় প্রেমিক-প্রেমিকা। জোগাড় করে আগাছানাশক। পরীক্ষা না দিয়ে কীটনাশক নিয়ে স্কুলের পেছনে যায় দুইজন। সেখানে যাওয়ার পর প্রেমিক (৩০) কীটনাশক তুলে দেন প্রেমিকার হাতে। প্রেমিকা ওই কীটনাশক পান করার পরপরই পালিয়ে যান প্রেমিক।

বুধবার সকাল ১০টার দিকে যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর গ্রামের ঘটনাটি ঘটে। অসুস্থ প্রেমিকা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কীটনাশক পানে অসুস্থ মেয়েটির মা জানান, ‘তার স্কুলপড়ুয়া মেয়ের সঙ্গে জগদীশপুর গ্রামের টগর নামে এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি তারা বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু কোনোপক্ষই তাদের বিয়ে মেনে নিতে রাজি হয়নি। বুধবার সকাল ১০টায় প্রেমিক তার মেয়েকে স্কুলের পেছনের মাঠে ডেকে নিয়ে জানায়, তারা দুইজন একসঙ্গে কীটনাশক পান করে আত্মহত্যা করবে।’

তিনি আরও জানান, ‘সে (প্রেমিক) নিজে কীটনাশক কিনে আনে। প্রেমিক তার মেয়ের হাতে কীটনাশক তুলে দিলে সে তা পান করে অসুস্থ হয়ে পড়ে। ওই সময় ওই যুবক পালিয়ে যান। পরে স্কুলের শিক্ষকরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে মেয়েটিকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.