সিলেটটুডে ডেস্ক | ০৯ জুন, ২০২২
আর কিছুক্ষণ পরই বাজেট অধিবেশনে নিজের লাল ব্রিফকেস খুলে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুধু তিনিই নন বিশ্বের অনেক দেশের অর্থমন্ত্রীই এই্ধরনের ব্রিফকেস নিয়ে বাজেট অধিবেশনে প্রবেশ করেন। দেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশেও এই প্রথা চলে আসছে।
তবে, এই ব্রিফকেস কী, কোথায় থেকে এলো, কিংবা কবে থেকে এই রীতির শুরু হলো তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। মূলত বাজেট শব্দটির সঙ্গেই রয়েছে চামড়ার ব্যাগ বা আধুনিক কালের ব্রিফকেসের জন্মগত সম্পর্ক রয়েছে। বাজেট শব্দটি এসেছে ফরাসি শব্দ বোওগেট থেকে। যার বাংলা অর্থ চামড়ার ব্যাগ।
১৭২৫ থেকে ১৭৪২ সাল পর্যন্ত ব্রিটেনের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন রবার্ট ওয়ালপুল। সময়টা ছিল বিশ্বের প্রথম শিল্পবিপ্লবের। এ সময় বিভিন্ন মহল থেকে কর কমানো, বাড়ানো, নানা ধরনের পরামর্শের চিরকুট আসত তার কাছে। তিনি সেসব চিরকুট নিজের মানিব্যাগে রেখে দিতেন। পরবর্তীতে বাজেটের সময়ে এসব চিরকুটের ভিত্তিতে বাজেট প্রণয়ন করতেন তিনি। এই যে মানিব্যাগে তার বাজেটের নানা চিরকুট লুকিয়ে রাখা এখান থেকেই উদ্ভব হয়েছে বাজেট ব্রিফকেসের। কারণ শিল্পবিপ্লবের পর ইংল্যান্ডের অর্থনীতি অনেক বড় হয়ে যায়। বাজেটবিষয়ক প্রস্তাবগুলো শুধু একটা মানিব্যাগেই আর সংকুলান করা সম্ভব হচ্ছিল না ব্রিটেনের অর্থ বিভাগের প্রধানের জন্য। মানিব্যাগের জায়গায় তাই আসে ব্রিফকেস।
ব্রিটেনের বাজেটে ঐতিহাসিক লাল স্যুটকেস
ব্রিটেনের অর্থ বিভাগের প্রধান বা চ্যান্সেলরের জন্য তৈরি হয়েছিল একটি লাল সুটকেস। কাঠের বাক্সটি সুন্দর লাল সাটিনের কাপড় দিয়ে মুড়ে তৈরি করা হয়েছিল সেই লাল বাক্সটি। ১৮৬০ সালে ব্রিটেনের বাজেট প্রধান উইলিয়াম ই গ্ল্যাডস্টোন প্রথম এই লাল স্যুটকেসে করে বাজেটসংক্রান্ত নথি নিয়ে আসেন। সেই স্যুটকেসের ওপর সোনা দিয়ে রানির ছাপ দেয়া ছিল। তিনি পরে দেশের প্রধানমন্ত্রী হন। ওই একই ব্যাগ এরপর বহু সরকারের আমলেই ব্যবহার করা হয়েছে।
ভারতের বাজেটেও ব্রিফকেস
ভারতের একেক জন অর্থমন্ত্রী একেক রকম ব্রিফকেস ব্যবহার করতেন। তাদের রং যদিও একই রকম হতো তবে তাতে ডিজাইনের ভিন্নতা দেখা যেত। যেমন প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিংয়ের ব্রিফকেসের রং লাল হলেও তাতে ছিল লেস এবং ফিতে। মনমোহন সিং ব্রিটিশ আমলের লাল সুটকেসের ধাঁচে বাজেট ব্রিফকেস নিতেন। পি চিদাম্বরমের ব্রিফকেস ছিল কালো রঙের। অরুণ জেটলি লাল রঙের স্কারলেট লেদারের তৈরি ব্রিফকেস নিয়ে গিয়েছিলেন বাজেট অধিবেশনে। অবশ্য ২০১৯ সালে সব নিয়ম ভেঙে লাল রঙের ব্যাগ নিয়ে বাজেট পেশ করতে গিয়েছিলেন নির্মলা সীতারামন।
বাংলাদেশে বাজেটে ব্রিফকেসের ইতিহাস
ভারতীয় উপমহাদেশ ভাগের পর ১৯৪৮ সালের ১৬ মার্চ পূর্ব বাংলা প্রদেশে প্রাদেশিক পরিষদের অধিবেশন বসে। তৎকালীন অর্থমন্ত্রী হামিদুল হক চৌধুরী সে অধিবেশনেই ১৯৪৮-৪৯ সালের বাজেট পেশ করেন। সেবারও ‘ব্রিফকেস রীতি’ মানা হয়েছিল।
এরপর স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ প্রথম বাজেট উপস্থাপন করেন ১৯৭২ সালের ৩০ জুন। একই সঙ্গে ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেছিলেন। তখনো তার হাতে ছিল ‘বাজেট ব্রিফকেস’।
বাংলাদেশে সবচেয়ে বেশি বাজেট পেশকারী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও এম সাইফুর রহমানকেও এ ব্রিফকেস নিয়ে আসতে দেখা গেছে। এর মধ্যে আবুল মাল আবদুল মুহিতের হাতে মেরুন ও কালো রঙের ব্রিফকেস দেখা গিয়েছিল।
গত বছর বাজেট উপস্থাপনের সময় বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হাতেও দেখা যায় এই ব্রিফকেস।