Sylhet Today 24 PRINT

গণমাধ্যমকর্মী আব্দুল বারী হত্যার রহস্য উদঘাটনে সময় লাগবে: পুলিশ

সিলেটটুডে ডেস্ক: |  ১০ জুন, ২০২২

গণমাধ্যমকর্মী আব্দুল বারী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সময় লাগবে বলে মনে করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

শুক্রবার মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে ডিবি, পিবিআই, সিআইডিসহ অনেকগুলো সংস্থা একসঙ্গে কাজ করছে। ঘটনাস্থল থেকে ভিকটিমের একটি ফোন পাওয়া গেছে। ফোনটি ওপেন করা যায়নি। এ মামলার তদন্তে অনেক বিষয় সামনে নিয়ে এক সঙ্গে কাজ করা হচ্ছে। এই হত্যার রহস্য উদঘাটনে ভিকটিমের মরদেহ যে এলাকায় উদ্ধার হয়েছে, সেসব বিষয়সহ অনেক বিষয় মেলাতে হবে। রহস্য উদঘাটনে আমাদের আরও সময় লাগবে। এখনও বলার মতো কিছু পাওয়া যায়নি।'

বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা সংলগ্ন ফজলে রাব্বী পার্কের পেছনে থেকে ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীর (২৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গলা ও পেটকাটা ওই মৃতদেহটি দেখতে পায় ছিন্নমূল কয়েকজন শিশু।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, ‘পূর্ব শত্রুতার জের ধরে’ তাকে হত্যা করে হয়ে থাকতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.