সিলেটটুডে ডেস্ক | ১১ জুন, ২০২২
দ্রুত সময়ের মধ্যে খালেদা জিয়ার হৃদযন্ত্রের এনজিওগ্রাম করা হবে বলে জানিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক বোর্ড।
শনিবার (১১ জুন) দুপুরে মেডিকেলে বোর্ডের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘ম্যাডামের একুয়েট করোনারি হার্ট অ্যাটাক হয়েছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন অতি দ্রুত তার হৃদযন্ত্রের এনজিওগ্রাম করার। একই সঙ্গে মেডিকেল বোর্ড ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণে পরিবারের সদস্যদের ব্যবস্থা নিতে বলেছেন।’
কখন এই এনজিওগ্রাম করা হবে জানতে চাইলে বোর্ডের একজন চিকিৎসক জানান, দুপুর আড়াইটা নাগাদ এনজিওগ্রাম করার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা এবং তার হৃদযন্ত্রের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করেন চিকিৎসকরা।
চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের এই মেডিকেল বোর্ডে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিন-উজ জামান ও অধ্যাপক সামস মনোয়ারও রয়েছেন। সকাল ১০টার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালে আসেন। তিনি চিকিৎসকদের বোর্ড সভায়ও ছিলেন।
এর আগে শুক্রবার রাতে গুলশানের বাসা ‘ফিরোজা’য় বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করলে রাত তিনটায় ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে করে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।