Sylhet Today 24 PRINT

পারাবত এক্সপ্রেসে আগুন: সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিমানবন্দর এলাকায় চলন্ত পারাবত এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার শমসেরনগর ইউনিয়নের বিমানবন্দর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটে।

কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

প্রাথমিকভাবে ট্রেনের দায়িত্বরতরা ধারণা করছেন ট্রেনটির এসির কোন ত্রুটি থেকেই আগুণের সূত্রপাত। তবে রেলের একটি সূত্র জানিয়েছে, ট্রেনটির পাওয়ার কার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এদিকে শমসেরনগর স্টেশনের মাস্টার শাখওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে। ঘটনাস্থলে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। আশপাশ থেকে আরও ইউনিট ডাকা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.