Sylhet Today 24 PRINT

সীতাকুণ্ড ট্রাজেডি: ১০ ফায়ারসার্ভিস কর্মীসহ মৃতের সংখ্যা ৪৭

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০২২

শনিবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাউসুল আজম

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে দগ্ধ হয়ে আহত আরও এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম গাউসুল আজম। এনিয়ে ১০ ফায়ারসার্ভিস কর্মীসহ ঘটনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৭-এ।

শনিবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ভোর ৩ টার দিকে চিকিৎসকেরা গাউসুলকে মৃত ঘোষণা করেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, গাউসুলের শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

বিএম ডিপোতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে আইসিইউ ইউনিটে লাইফ সাপোর্ট ছিলেন তিনি। তার শরীর ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এদিকে রবিন নামে আরও এক ফায়ার সার্ভিস কর্মী বার্ন ইনস্টিটিউটের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন আাছেন বলে জানা গেছে।

গত ৪ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার বেসরকারি ওই কনটেইনার ডিপোটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণের সময় বিস্ফোরণ ঘটলে আহত হন ফায়ার সার্ভিস কর্মীসহ ২ শতাধিক মানুষ। এ ঘটনায় গাউসুল আজমসহ এখন পর্যন্ত ১০ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হলো।

গাউসুল আজমের গ্রামের বাড়ি সাতক্ষীরায়। ব্যক্তিগত জীবনে বিবাহিত এই ফায়ার সার্ভিস কর্মীর পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.