Sylhet Today 24 PRINT

খালেদার শারীরিক অবস্থা স্থিতিশীল, রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০২২

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টে শনিবার (১১ জুন) দুপুরে রিং পরানোর পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি। এ সময় পার হলেই তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। রোববার (১২ জুন) দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) সিসিইউতে আছেন, মেডিকেল বোর্ড তাকে অবজারভেশনে রেখেছে। গতকাল এনজিওগ্রাম করে হার্টে রিং বসানো হয়েছে। অবজারভেশনের পর পরবর্তী করণীয় ঠিক করবে মেডিক্যাল বোর্ড।’

এর আগে শনিবার মির্জা ফখরুল বলেছিলেন, গতকাল (শুক্রবার) রাত ২টার দিকে ডা. জাহিদের কাছে খবর পাই খালেদা জিয়া অসুস্থ বোধ করছেন। তাকে এখনই হাসপাতালে নিতে হবে। খবর পেয়েই আমি চলে আসি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সঙ্গে কথা বলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

সে সময় মির্জা ফখরুল জানান, আগের দিন থেকে তার হার্টে কিছু সমস্যা হয়। তবে খালেদা জিয়া কাউকে কিছু জানাননি। শুক্রবার সন্ধ্যায় চেকআপ করতে গিয়ে তার হার্টের সমস্যা পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়।

জানা গেছে, ৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.