Sylhet Today 24 PRINT

মুহিবুল্লাহ হত্যার অভিযোগপত্রে আসামি ২৯ রোহিঙ্গা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০২২

কক্সবাজারে আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। সোমবার (১৩ জনু) দুপুর ১২টার দিকে উখিয়া থানা পুলিশ অভিযোগপত্রটি আদালতে দাখিল করে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, অভিযোগপত্রে ২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। যাদের সকলেই রোহিঙ্গা। তাদের মধ্যে ১৫ জন বর্তমানে কারাগারে রয়েছেন। অপর ১৪ জন এখনও পলাতক রয়েছেন।

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন।

৩০ সেপ্টেম্বর মুহিববুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত ভার পান উখিয়া থানার ওসি তদন্ত সালাহ উদ্দিন। তদন্ত  শেষে সোমবার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।

আদালত সূত্র জানিয়েছে, গ্রেফতার ১৫ জনের মধ্যে ৪ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সঙ্গে ৩ জন সাক্ষীও ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ হত্যাকাণ্ডে ৩৬ জনকে জড়িত হিসেবে শনাক্ত করা হলেও ৭ জনের ঠিকানা ও অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। তাই ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.