Sylhet Today 24 PRINT

সন্ধ্যার পর নিষিদ্ধ হচ্ছে বালি উত্তোলন, আসছে নীতিমালা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০২২

নদী ভাঙনরোধ ও অনিয়ম ঠেকাতে সন্ধ্যা ৬টার পর বালি তোলা বন্ধ করতে যাচ্ছে সরকার। সোমবার (১৩ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ এ তথ্য জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

তিনি বলেন, ‘আমরা বালি ওঠানো বন্ধ করতে চাচ্ছি না কিন্তু নির্দেশনা দিচ্ছি, যেখান থেকে ওঠানোর কথা বলছি যাতে সেখান থেকেই ওঠানো হয়। বালি উত্তোলনের ক্ষেত্রে আমরা একটা নীতিমালা করছি, যা মন্ত্রিপরিষদ বিভাগে আছে। এ ক্ষেত্রে আমরা চাই বালি যাতে রাতে উত্তোলন না হয়।

‘নদীভাঙনের বিভিন্ন কারণ আছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ বালি উত্তোলন। এই ব্যবসা এখন অনেক রমরমা। রাতের অন্ধকারে নদীর কিনারা থেকে বালি ওঠায়। এ রকম হলে লোহা দিয়ে বাঁধ দিলেও কিন্তু বাঁধ থাকবে না, এটা আমি বলেছি।’

পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এ পর্যন্ত ১৭ হাজার কিলোমিটার বাঁধ আমরা নির্মাণ করেছি। অতীতে যারা এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তারা ভাঙন এলাকায় কম গেছেন। আমি দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন জায়গায় নিজেই গিয়েছি এবং দেখেছি।

‘আগের মন্ত্রীদের আমি দোষারোপ করব না। কারণ বাংলাদেশ আগে অতটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিল না।’

দেশের কোনো এলাকায় সন্ধ্যা ৬টার পর নদী থেকে বালি উত্তোলন করা যাবে না বলে জেলা প্রশাসকদের (ডিসি) চলতি বছর ২০ জানুয়ারি নির্দেশনা দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।

যেখান-সেখানে বালি উত্তোলন বন্ধ, উঁচু স্থানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা এবং নদীর তীরবর্তী বাঁধগুলোতে যাতে ঘরবাড়ির মতো অবৈধ স্থাপনা গড়ে ওঠে, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশনাও দেন তিনি।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের দ্বিতীয় অধিবেশনে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত প্রস্তাবে এসব নির্দেশনা দেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.