Sylhet Today 24 PRINT

কিশোরগঞ্জে হাওরে নৌকাডুবির ঘটনায় ৩ লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুন, ২০২২

কিশোরগঞ্জের তাড়াইলে ইটনা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ তিনটি উদ্ধার করেন।

মৃত ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫), করিমগঞ্জের হালগড়া গ্রামের সিরাজ উদ্দিন (৬০) ও একই গ্রামের মো. ওয়াসিম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন থেকে ইঞ্জিনচালিত নৌকায় গাছের ডালপালা নিয়ে ইটনা উপজেলার ধনপুর সহিলা গ্রামে যাচ্ছিলেন পাঁচ জন। দুপুর ১টার দিকে ঢেউ এবং ঝড়ের কবলে পড়ে ইটনা হাওরে ডুবে যায় নৌকাটি। পাঁচজনের মধ্যে দুই জন সাঁতরে মাছ ধরার নৌকায় উঠে জীবন বাঁচাতে সক্ষম হন। তিন জন নৌকাসহ পানিতে তলিয়ে যান।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থলে ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.