Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে অনশন করলেন সাংবাদিক প্রবীর সিকদার

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ডিসেম্বর, ২০১৫

আইসিটি আইনের হয়রানিমূলক ৫৭ ধারার মামলা প্রত্যাহারের দাবিতে মহান বিজয় দিবসে ধানমণ্ডির বঙ্গবন্ধুর ৩২ নম্বরে অনশন কর্মসূচি পালন করেছেন দৈনিক বাংলা ৭১ ও অনলাইন নিউজ পোর্টাল উত্তরাধিকার ৭১ নিউজের সম্পাদক প্রবীর সিকদার।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করেন।

এসময় তার সাথে ছিলেন তার স্ত্রী অনিতা সিকদার এবং দুই ছেলে সুপ্রিয় ও পুলক। উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেছেন বিশিষ্ট কলাম লেখক ও ব্যাংকার চৌধুরী আ. হান্নানসহ বেশ কয়েকজন এবং প্রাণের '৭১-এর সদস্যরা।

উল্লেখ্য,  এ বছরের ১৬ আগস্ট ঢাকার ইন্দিরা রোডের নিজের অফিস থেকে কোনো অভিযোগ ছাড়াই সাংবাদিক প্রবীরকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তার বিরুদ্ধে ফরিদপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করা হয়। পরে ওই মামলায় তাকে ফরিদপুরে নিয়ে নির্যাতন করে পুলিশ।

১৭ আগস্ট জামিন আবেদন না মঞ্জুর করে প্রবীর সিকদারকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। ১৮ আগস্ট পুলিশের আবেদনে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করা হয়।

দেশ-বিদেশের তীব্র সমালোচনা-প্রতিবাদের মুখে এবং সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ১৯ আগস্ট জামিনে মুক্তি পান সাংবাদিক প্রবীর সিকদার। যদিও তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি আজও প্রত্যাহার করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.