Sylhet Today 24 PRINT

বন্যা মোকাবিলায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুন, ২০২২

পুরনো ছবি

বন্যা মোকাবিলায় সরকার সব ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বন্যায় যেন কোনো ধরনের কষ্ট না হয়, সে অনুযায়ী কাজ করা হচ্ছে। বন্যার পানি নামার সময় দেশের অন্য এলাকাও প্লাবিত হতে পারে। সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।

রোববার (১৯ জুন) অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, এখন একটি অস্বাভাবিক পরিস্থিতি। একদিকে করোনার প্রাদুর্ভাব বাড়ছে, অপর দিকে বর্ষাকাল আসতে না আসতেই বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জে ব্যাপক বন্যা। এবারের বন্যাটা একটু বেশি, ব্যাপক হারে এসেছে।

প্রতিনিয়ত বন্যা পরিস্থিতির খবর রাখছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ত্রাণ এবং উদ্ধারকাজগুলো আমরা করছি। প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও অন্যান্য সব প্রতিষ্ঠানগুলো দিয়ে মানুষকে উদ্ধার এবং তাদের ত্রাণ দেওয়ার সব ব্যবস্থা আমরা করেছি।

‘আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী নিজ এলাকায় নেমে গেছেন, তারাও সহযোগিতা করছেন। খাবার বিতরণ থেকে শুরু করে উদ্ধারে অংশ নিচ্ছেন। স্যালাইনের ব্যবস্থাসহ বিশুদ্ধ পানি এবং সেই সাথে সাথে অন্যান্য যা যা দরকার হতে পারে আমরা সবকিছুর ব্যবস্থা করেছি।’

তিনি বলেন, সুনামগঞ্জ থেকে আজ পানি নামতে শুরু করেছে। কিন্তু এই পানি যখন নামবে, তখন আমাদের অন্যান্য অঞ্চল প্লাবিত হতে শুরু করবে- এটাই প্রাকৃতিক নিয়ম। কাজেই আমাদের ময়মনসিংহ এবং রংপুর বিভাগও যে বন্যার সম্ভাবনা রয়েছে, সেটি আগে থেকেই সতর্কতা দিচ্ছি। বন্যা মোকাবিলায় আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। পানি নিষ্কাশনের জন্য যা যা করণীয় আমরা সেটাও করে যাচ্ছি।

বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আর এটা প্রকৃতির খেলা, এটা নিয়েই আমাদের বাঁচতে হবে। দুর্যোগ মোকাবিলা করতে হবে, সেইসঙ্গে মানুষের জীবনও চালাতে হবে।

বন্যা তো আমাদের চিরাচরিত মন্তব্য করে তিনি বলেন, কিছুদিন পরপর, বিশেষ করে ১০ থেকে ১২ বছর পর এত বড় বন্যা বাংলাদেশে আসে সবসময়। আমি সবাইকে অনেক আগে থেকেই সতর্ক করেছিলাম। এবারের বন্যাটা কিন্তু বিরাট আকারে আসবে। আমাদের প্রস্তুতি আছে। এই পানি নামলে শ্রাবণ থেকে ভাদ্র পর্যন্ত দক্ষিণাঞ্চল প্লাবিত হবে। এই সময়ে মানুষের যেন কষ্ট না হয়, আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.