Sylhet Today 24 PRINT

সিলেটে কমবে বৃষ্টি

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুন, ২০২২

আগামী ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাত পরিমাণে কম হবে, তবে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আজকের পূর্বাভাসে দেখা যাচ্ছে, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বেশির ভাগ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। যার মধ্যে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও অতিভারি বর্ষণের সম্ভাবনা আছে।

সিলেটে কেমন আবহাওয়া থাকবে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় সিলেটেও বৃষ্টি থাকবে, তবে পরিমাণে কম।

তিনি বলেন, ‘এখন বর্ষাকাল। বাতাসের আর্দ্রতা সব সময় ৯০-এর ওপরে থাকে। সে ক্ষেত্রে ব্যত্যয় হবে না।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ‘আজ রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে মাঝারি ধরনের ভারি থেকে ভারিবর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় বাতাসের গতি ও দিক হবে দক্ষিণ ও দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকাসহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও উত্তরের জেলাগুলোতে পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। অতিভারি বৃষ্টিপাতের প্রভাবে চট্টগ্রামসহ পার্বত্য তিন জেলার নদ-নদীর পানি সমতলে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) সোমবার এ তথ্য জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.