Sylhet Today 24 PRINT

বান্দরবানে ট্রাক উল্টে সাতজন নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৫

বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে ট্রাক উল্টে ঘটনাস্থলে চারজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন আফতাব (৫৫), আমজাদ হোসেন (৪০), রবিন (৩৫) ও রাজিব (৪০)। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় যে তিনজন মারা গেছেন তাঁরা হলেন, রাকিব হাসান (৩২), হাসান (২৯) ও আলেখ (৩৫)। তাঁদের মধ্যে রাকিব ও আলেখের বাড়ি পাবনায় এবং হাসানের বাড়ি সাতক্ষীরায়।

দুর্ঘটনায় আহত পাঁচজন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তারা হলেন, মো. আশা (১৭), জাকির হোসেন (২৫), সাদ্দাম হোসেন (২৬), মো. মাসুম (২৫) ও মিন্টু হাসান (২০)। আহত আরও দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার সময় ট্রাকে থাকা জামিরুল ইসলাম বলেন, একটি মুঠোফোন কোম্পানির টাওয়ার বসানোর জন্য গত মঙ্গলবার তাঁরা নারায়ণগঞ্জ থেকে ট্রাকে করে বান্দরবানের দিকে রওনা দেন। ট্রাকে চালক ও সহকারীসহ ১৭ জন ছিলেন।

লামা থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আলম বলেন, ট্রাকটি কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে বান্দরবানের লামা উপজেলার দিকে যাচ্ছিল। ট্রাকে একটি মুঠোফোন কোম্পানির টাওয়ার নির্মাণের সরঞ্জাম ছিল। লামার নিরিঞ্জা পাহাড়ে টাওয়ার নির্মাণের জন্য ওই সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল। ইয়াংছা বাজারের আগে পাহাড়ি পথে একটি বাঁক ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে যাত্রীরা ট্রাকে থাকা সরঞ্জামের নিচে চাপা পড়েন।

ইয়াংছা পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা এসআই ত্রিপন চাকমা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.