Sylhet Today 24 PRINT

শিক্ষাপ্রতিষ্ঠানেও হবে পদ্মা সেতুর উদ্বোধন উদ্‌যাপন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০২২

শনিবার উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন করতে বলা হয়েছে।

মাউশি থেকে বৃহস্পতিবার এ-সংক্রান্ত নির্দেশনা সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্কুল-কলেজের প্রধানদের পাঠানো হয়েছে।

রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের একজন শিক্ষক প্রথম আলোকে জানান, তাঁদের বিদ্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠানটি শিক্ষার্থীদের দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল ১০টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে প্রথমে সুধী সমাবেশে অংশ নেবেন। এরপর টোল দিয়ে সেতুতে উঠে সেখানে থাকা উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। পরে গাড়িতে করে সেতু পার হয়ে জাজিরায় আরেকটি ফলক উন্মোচন করবেন। বিকেলে মাদারীপুরের শিবচরে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

রোববার সকাল ৬টা থেকে নির্ধারিত টোল দিয়ে পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.