হাসান নাঈম, শাবিপ্রবি | ২৮ জুন, ২০২২
রাষ্ট্রপতি কর্তৃক প্রদানকৃত বাংলাদেশ স্কাউটসের রোভার শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” (পিআরএস) পেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রাকিব হাসান শিপু।
মঙ্গলবার (২৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী মো. রাকিব হাসান শিপু।
তিনি জানান, সোমবার (২৭ জুন) বাংলাদেশ স্কাউটসের ৫০ তম বার্ষিক সাধারণ সভা এবং “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” ও “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে৷ বঙ্গভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মোঃ আব্দুল হামিদ এ অ্যাওয়ার্ড প্রদান করেন। এতে রাষ্ট্রপতির পক্ষ থেকে অ্যাওয়ার্ড ও সনদ হস্তান্তর করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি এবং প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক মো আবুল কালাম আজাদ। সারা দেশ থেকে ১৪ জন কৃতি রোভার স্কাউট ২০২০ সালে পিআরএস অ্যাওয়ার্ড অর্জন করে।
নিজের অনুভূতি ব্যক্ত করে পিআরএস অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থী মো. রাকিব হাসান শিপু জানান স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের উৎসাহ প্রদান ও তাদের কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড ও সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। রোভার স্কাউটদের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ড হল “পিআরএস অ্যাওয়ার্ড” যা মহামান্য রাষ্ট্রপতি প্রদান করে থাকেন। একজন রোভার স্কাউট তার নির্দিষ্ট প্রোগ্রাম সম্পন্ন করার পরে ২৫ বছর বয়স পর্যন্ত পিআরএস অ্যাওয়ার্ড অর্জনের লক্ষে মূল্যায়নে অংশগ্রহণ করতে পারে।
প্রসঙ্গত, রোভার রাকিব হাসান ২০১৪ সালে গাজীপুরের রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় স্কাউট থেকে প্রথম বারের মত স্কাউট শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড 'প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড' ও ২০১৫ সালে 'সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড' অর্জন করেন। পরবর্তীতে ২০১৮ সালে সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপ থেকে পুনরায় রোভার শাখায় 'সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড' অর্জন করেন। পরবর্তীতে দেশের ইতিহাসে প্রথম বারের মত একমাত্র স্কাউট সদস্য হিসেবে স্কাউট ও রোভার উভয় শাখায় সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জনের কৃতিত্ব একমাত্র তারই।
এছাড়াও জাতীয় দুর্যোগকালীন সাড়া দানসহ বিভিন্ন কার্যক্রমে সেবাদানের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে 'ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড' ও ২০১৯ সালে 'নম্বর টু দ্যা ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের অ্যাডল্ট রিসোর্সেস বিষয়ক জাতীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দপ্তরের আর্থট্রাইব বিষয়ক টাস্কফোর্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।