Sylhet Today 24 PRINT

অটোরিকশায় ড্রাম ট্রাকের চাপা, শিশুসহ নিহত ৫

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুলাই, ২০২২

রংপুরে ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সরেয়ারতল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা না গেলেও তাদের সকলের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এলাকায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চৌধুরাণী থেকে একটি অটোরিকশায় করে ৮ যাত্রী রংপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সরেয়ারতল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। তবে সকলের বাড়ি সুন্দরগঞ্জের বেলকা এলাকায় বলে জানা গেছে। তারা চিকিৎসার জন্য একজন রোগীকে নিয়ে অটোরিকশা যোগে রংপুরে যাচ্ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.