Sylhet Today 24 PRINT

‘সংখ্যালঘুদের দেওয়া প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন করেনি সরকার’

সাম্প্রদায়িক নির্যাতন বন্ধে ২২ অক্টোবর সকাল-সন্ধ্যা গণঅনশন

সিলেটটুডে ডেস্ক: |  ১৬ জুলাই, ২০২২

দেশে চলমান সাম্প্রদায়িক নির্যাতন-নিপীড়ন এবং শিক্ষকদের ওপর হয়রানি বন্ধের দাবিতে সারাদেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠানের পর একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে।

চট্টগ্রামের চেরাগী পাহাড় চত্বরে সমাবেশ শেষে হাজারো জনতার মিছিল আন্দরকিলতা, লালদীঘী হয়ে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। চট্টগ্রামের সমাবেশ থেকে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত এই দাবিতে আগামী ২২ অক্টোবর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সরকার এই টার্মে ইতোমধ্যে সাড়ে তিন বছর অতিক্রান্ত করলেও সংখ্যালঘু স্বার্থবান্ধব নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আজও কোনো উদ্যোগ নেয়নি। এতে ধর্মীয়, জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী হতাশ হয়ে সরকার বিশেষ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য এ আন্দোলনে নেমেছে। এছাড়া বিকল্প আর কোনো পথ সামনে নেই।

এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলে নিজ নিজ সংগঠনের পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু বিভিন্ন সংগঠনের হাজারো মানুষ অংশ নেন।

এতে তারা বলেন, স্বাধীনতার অর্ধশতক পরে সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতা রাষ্ট্র, রাজনীতি ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। সামগ্রিক পরিস্থিতি ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে ভয়াবহ বিপর্যয় ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.