Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০২২

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। দুর্ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী দুপুরে বলেন, মঙ্গলবার ভোরে প্রাইভেট কারে করে কুড়িগ্রাম থেকে স্ত্রীকে নিয়ে ঢাকায় ফিরছিলেন শোভন। পথে শাজাহানপুরের নয়মাইল নামক এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে প্রাইভেট কার ও হাইসের মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত হন শোভন ভাই ও তার স্ত্রী। হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভাইয়ের (শোভন) মাথায় মোট ১১টি সেলাই দেওয়া হয়েছে। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে।

শোভনের বাবা ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন বলেন, জানতে পেরেছি তার মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন‍্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের দুই বছর মেয়াদী কেন্দ্রীয় নির্বাহী সংসদকে নেতৃত্ব দেওয়ার জন্য রেজওয়ানুল হক চৌধুরী শোভন সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এক বছর গড়াতেই অভিযোগ ও অনিয়মের কারণে তাকে সরে যেতে হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.