Sylhet Today 24 PRINT

পুলিশের নারী কর্মকর্তার ঝুলন্ত ও কনস্টেবলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০২২

মাগুরায় খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) লাবনী আক্তারের গলায় ঝুলন্ত লাশ ও মাহমুদুল হাসান (২৩) নামে এক কনস্টেবলের মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের নানাবাড়ি থেকে অ্যাডিশনাল এসপির মরদেহ উদ্ধার হয়। অন্যদিকে গতকাল বুধবার (২০ জুলাই) দিনগত রাত ১১টার দিকে মাহমুদুল হাসানের মরদেহ পাওয়া যায় মাগুরা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদে।

পুলিশের ধারণা, মাহমুদুল হাসান নিজের সরকারি অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরে। তিনি দেড় মাস আগে মাগুরায় বদলি হন।

বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল হাসান জানান, বুধবার রাতে ডিউটি শেষ করে মাহমুদুল হাসান পুলিশ লাইনের ব্যারাকে ফিরে যান। রাতের কোনো এক সময় তিনি ব্যারাকের ছাদে উঠে নিজের নামে থাকা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন বলে শুনেছি।

তিনি বলেন, তারা আত্মহত্যা করেছেন নাকি তাদের হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.