Sylhet Today 24 PRINT

বাস-ব্যাটারি চালিত রিকশা সংঘর্ষে নিহত ৫

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জুলাই, ২০২২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাস ও ব্যাটারি চালিত রিকশার সংঘর্ষে পাঁচজন মারা গেছেন। গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার মাকিষবাথান টিএনটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বাশার জানান।

মৃতরা হলেন- টাংগাইল জেলার ভূয়াপুর থানার শেখ বাড়ী গ্রামের আয়ুব আলীর ছেলে অটোরিকশা চালক নজরুল ইসলাম (২৭), বরগুনা জেলার সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান (৪৪), গাজীপুরের কালিয়াকৈর থানার হিজলতলী গ্রামের আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৪২), একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল (২৭) ও যশোর জেলার মাগুরা থানার দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।

পরিদর্শক বলেন, কালিয়াকৈর থেকে চন্দ্রাগামী ইতিহাস পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক আসা যাত্রীবাহী ব্যাটারি চালিত একটি রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রিকশাটি বিকট শব্দে দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায় এবং অটোরিকশার চালকসহ একজন ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, এ ঘটনায় আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে একজন মারা যান। আর চিকিৎসকের পরামর্শে অপর দুইজনকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। অপরজনের শারীরিক অবস্থা গুরুতর হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়

পুলিশের এই কর্মকর্তা বলেন, বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। রিকশাটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.