Sylhet Today 24 PRINT

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার জেরে ‘বন্ধুর হাতে’ প্রাণ গেল যুবকের

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জুলাই, ২০২২

ফরিদপুরে মোবাইল ফোন নিয়ে বাক-বিতণ্ডার জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে এক বন্ধু নিহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার কাচারীটেকের মোহাম্মদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. আকাশ (২৫)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তবে তিনি সাভারের নবীনগর এলাকায় থাকতেন। আর অভিযুক্ত বন্ধু ফিরোজ (২৫) ফরিদপুর জেলার সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. হযরত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী গোয়ালন্দের খানপাড়ার সুলতান খানের ছেলে শিমুল খান (২৫) জানান, আকাশ ও ফিরোজ তার বন্ধু। তারা সাভারের নবীনগরে কাজ করেন। রাতে ফিরোজের আমন্ত্রণে আকাশ ও তিনি কাচারিরটেকে বেড়াতে যান। রাত ৮টার দিকে একটি মোবাইল ফোন নিয়ে আকাশের সঙ্গে ফিরোজের কথা কাটাকাটির একপর্যায়ে ফিরোজ আকাশকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর আকাশকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার এসআই সুজন বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই আকাশ মারা যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিমুলকে আটক করা হয়েছে। নিহত আকাশের কানের পেছন থেকে গলা পর্যন্ত একটা মাত্র কোপের আঘাত পাওয়া গেছে।

মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শিমুল খান বর্তমানে ফরিদপুর কতোয়ালী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.