Sylhet Today 24 PRINT

টিপু-প্রীতি হত্যা: মাস্টারমাইন্ড ও অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০২২

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী প্রীতি হত্যার মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।

গ্রেপ্তারকৃতরা হলেন- টিপু হত্যার মাস্টারমাইন্ড সোহেল শাহরিয়ার ওরফে শর্টগান সোহেল ও হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী মারুফ রেজা সাগর।

এর আগে, শনিবার এই ডাবল মার্ডারের সঙ্গে যুক্ত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, জাতীয় পার্টি নেতা জুবের আলম খান রবিন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান টিটু, আরিফুল রহমান সোহেল ও খায়রুল।

গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শোরুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.