Sylhet Today 24 PRINT

সাপের ছোবলে প্রাণ গেল ২ মাদ্রাসাছাত্রের

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০২২

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের ছোবলে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১ আগস্ট) সকালে পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত দু'জন হলেন- দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস ডাক্তার পাড়ার সাইফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৩) এবং একই গ্রামের মাঝের পাড়ার শওকত আলীর ছেলে জুনায়েদ (১৩)। তারা চন্দ্রবাস দারুল উলুম কওমি মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল এবং সেখানে আবাসিকে থেকে লেখাপড়া করত।

মাদ্রাসার শিক্ষক কুতুব উদ্দিন বলেন, ভোর ৪টার দিকে যখন বাইরে বের হই তখন দেখি আব্দুল্লাহ ও জুনায়েদ বমি করছে। তাদের জিজ্ঞাসা করলে তারা বলে কিছু কামড় দিয়েছে। তাই বমি হচ্ছে। এ সময় দেখি আব্দুল্লাহর ডান পায়ে এবং জুনায়েদের বাম হাতে কামড়ের চিহ্ন। আমার সন্দেহ হলে মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় তাদের প্রথমে গ্রাম্য চিকিৎসকের কাছে নিই। ওই গ্রাম্য চিকিৎসক তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

মাদ্রাসার পরিচালক হাজী আক্তার ফারুক বলেন, মাদ্রাসার বোডিংয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের দু'জনকে সাপে দংশন করে। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিই। সকাল পৌনে ৮টার দিকে তাদের মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, সকাল ৭টার দিকে আশঙ্কাজনক অবস্থায় দুই মাদ্রাসাছাত্রকে জরুরি বিভাগে নেওয়া হয়। তাদের সাপে দংশন করেছে বলে পরিবারের লোকজন জানান। আমরা তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিই। তাদের শরীরে অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৮টার দিকে ওই দুই ছাত্র মারা যায়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.