Sylhet Today 24 PRINT

বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করার চিন্তা

সিলেটটুডে ডেস্ক: |  ১২ আগস্ট, ২০২২

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি এক দিনের পরিবর্তে দুই দিন করার কথা ভাবছে সরকার। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

রাজধানীর তেজগাঁওয়ে শুক্রবার পলিটেকনিক শিক্ষক সমিতির জাতীয় সম্মেলন ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সাপ্তাহিক ছুটি দুই দিন করা যায় কি না সে বিষয়টা ভেবে দেখছি। আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন হবে। সেটাকে আমরা এ বছর থেকেই বাস্তবায়ন করব কি না, তা ভেবে দেখছি। এ মুহূর্তে কোনো সিদ্ধান্ত বলতে পারছি না। শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।’

করোনায় শিক্ষার্থীদের কোনো ধরনের ঘাটতি হয়নি দাবি করে দীপু মনি বলেন, ‘গবেষণায় দেখা গেছে, করোনায় আমাদের শিক্ষার্থীদের ঘাটতি হয়নি। বরং এটা শাপেবর হয়েছে। তাদের (শিক্ষার্থীদের) স্ব-শিক্ষণের দক্ষতা তৈরি হয়েছে। করোনায় তারা নিজেরা শিখতে শিখেছে। করোনায় তেমন ড্রপ আউটও হয়নি।’

শিক্ষাপ্রতিষ্ঠানে সক্ষমতার বেশি শিক্ষার্থী ভর্তির সমালোচনা করেন শিক্ষামন্ত্রী। সাফ জানিয়ে দিয়েছেন এসব আর চলবে না।

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সক্ষমতা যাচাই না করে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির একটা প্রবণতা আছে। এগুলো বন্ধ করতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানেই এমন প্রবণতা আছে। ঢাকা শহরের সবচেয়ে নামি প্রতিষ্ঠানে প্রতি শ্রেণিতে শিক্ষার্থী আছে ৬৬ জন, তারা সেটি ৭৫ জনে উন্নীত করতে চায়। আমি বলেছি, বাড়ানো তো হবেই না বরং কমাতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.