Sylhet Today 24 PRINT

নিরাপত্তা ঝুঁকিতে প্রধানমন্ত্রী: ডিএমপি কমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ আগস্ট, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘পৃথিবীতে যত প্রধানমন্ত্রী রয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

রোববার (১৪ আগস্ট) দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবসের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

তিনি বলেন, ‘ঝুঁকি মাথায় রেখেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি করা হবে বিশেষ নিরাপত্তা বলয়। তবে দৃশ্যমান বা অদৃশ্যমান কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই।’

মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীকে একাধিকবার হত্যাচেষ্টা করা হয়েছে। ফলে তার নিরাপত্তার জন্য বেশ কিছু বিশেষ ব্যবস্থা থাকবে। সেটা সবার জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’

এ ছাড়া করোনা সংক্রমণ যেন না ছড়াতে পারে সে জন্য কর্মসূচিতে সবাইকে মাস্ক পরে আসতে অনুরোধ করেন ডিএমপি কমিশনার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.