Sylhet Today 24 PRINT

রমনা থানার ওসির বিরুদ্ধে অনুসন্ধান ৩ মাসের মধ্যে শেষ করার নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০২২

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

৩ মাসের মধ্যে ওসি মনিরুলের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

শুনানিকালে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ওসি মনিরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে দুদক ইতোমধ্যে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ১০ আগস্ট দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে সায়েদুল হক সুমন রিট আবেদনটি করেন।

প্রতিবেদনে বলা হয়, ওসি মনিরুল অবৈধভাবে ভবন ও প্লটসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে তিনি একজন মুক্তিযোদ্ধার ভবন দখল করেছেন— এমন অভিযোগও সামনে এসেছে বলে প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওসি মনিরুল প্রথম আলো প্রতিবেদনে করা অভিযোগ অস্বীকার করে প্রতিবাদ পাঠান। সংবাদপত্রটি প্রাসঙ্গিক নথিসহ এই প্রতিবাদ প্রকাশ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.