Sylhet Today 24 PRINT

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০২২

স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সোমবার (২২ আগস্ট) বিকালে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের বরাতে একথা জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিকালে ম্যাডাম এভারকেয়ার হাসপাতালে যাবেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবেই তিনি হাসপাতালে যাচ্ছেন।’

জানা গেছে, বিকাল ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হবেন খালেদা জিয়া। সেভাবে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

সর্বশেষ ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বুকে ব্যথা নিয়ে ১০ জুন (শুক্রবার) গভীর রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরের দিন (১১ জুন) খালেদা জিয়ার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল। পরে ২৪ জুন তাকে বাসায় নিয়ে আসা হয়।

বাসায় থেকেও এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধান চিকিৎসা নিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.