Sylhet Today 24 PRINT

সন্ধান মিলেছে সুকন্যার, মায়ের বিরুদ্ধে অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০২২

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী ইয়াশা মৃধা সুকন্যার সন্ধান মিলেছে। তবে তিনি পরিবারে কাছে ফিরতে চান না। মায়ের প্রতি রয়েছে নির্যাতনসহ নানা অভিযোগ।

মঙ্গলবার (২৩ আগস্ট) বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর মুখোমুখি হয়ে এই অভিযোগ জানান ইয়াশা মৃধা সুকন্যা।

তিনি বলেন, আমি পরিবারে ফিরতে চাই না। সেখানে নিরাপত্তাহীনতায় ভোগী। আমার মা আমাকে নানা ধরনের নির্যাতন করে। তিনি আমাকে বিক্রি করে দিতে চেয়েছিলেন।

সুকন্যা বলেন, বিয়ে করার জন্য আমাকে জোর করা হচ্ছিল। মা আমাকে সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চাচ্ছিলেন। রাতে আমি ভয়ে ঘুমাতে পারতাম না। আমাকে বালিশ চাপা দেওয়া হবে! নানার বাড়ি গেলে, তারাও আমাকে একই কথা বলতেন। বিয়েটা করে ফেল। সাড়ে তিন লাখ টাকা পাবি। লাগলে আরও টাকা বাড়িয়ে দেবে।

এদিকে মেয়ের নানা অভিযোগের বিষয়ে ইয়াশার মা নাজমা ইসলাম লাকীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

এর আগে গত ২৩ জুন থেকে নিখোঁজ সুকন্যা। পরে ২০ আগস্ট মা নাজমা ইসলাম লাকী মেয়ের সন্ধানে সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় সুকন্যার মায়ের করা মামলায় তার বন্ধু ইসতিয়াক এখন কারাগারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.