Sylhet Today 24 PRINT

নতুন কারিকুলামে ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য গুজব: শিক্ষামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০২২

নতুন কারিকুলাম থেকে ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ গুজব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৭ আগস্ট) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছে। এরাই এখন নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়েছে বলে যে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, তা একেবারেই অসত্য।

নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার পরিধি আরও প্রসারিত হবে উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, এ শিক্ষাক্রমের মাধ্যমে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ প্রসারিত করার জন্য কাজ করছি। সেখানে ধর্ম, নৈতিকতা, মূল্যবোধ অবিচ্ছেদ্য অংশ। ধর্মশিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই আসে না।

এসময় শিক্ষামন্ত্রী এভারেস্টজয়ী নিশাত মজুমদার ও পারমিতা প্রজ্ঞার মানাসলু যাত্রার বিষয়ে বলেন, নারীরা সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। আগামী ২৯ আগস্ট নিশাত মজুমদার ও পারমিতা প্রজ্ঞা মানাসলু জয়ে যাবেন। তারা বাংলাদেশের পতাকা উড়াবেন পর্বত চূড়ায়। নিশাত জয় করে আসবে আর আমরা তার গল্প শুনব। নিশাত শুধু পর্বতজয়ী নারী নয় বরং আমাদের সবার অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, মানুষ স্বপ্ন দেখায় আর বঙ্গবন্ধু সব বাধাকে অতিক্রম করে জয় করা শিখিয়েছেন। প্রধানমন্ত্রী সেই স্বপ্ন দেখাচ্ছেন জাতিকে। আর বাঙালি সাধারণ মেয়ে অথচ দুঃসাহসী কাজ করেন নিশাতরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.