Sylhet Today 24 PRINT

ভাসানচর থেকে পালানো ১৮ রোহিঙ্গা আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৮ আগস্ট, ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে গতকাল শনিবার রাত ১১টার দিকে তাদের আটক করেন স্থানীয় বাসিন্দারা। এরপর রাত ১১টার দিকে তাদের কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই রোহিঙ্গারা হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার চেষ্টা করছিল।

আটক রোহিঙ্গাদের মধ্যে রয়েছে, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৫ নম্বর ক্লাস্টারের মো. তৈয়ব (৩৮), সামসিদা বেগম (৩২), শাহারা বেগম (২৭), ৮৬ নম্বর ক্লাস্টারের আজিজা (১৮), জাহিদ হোসেন (২২), ৭১ নম্বর ক্লাস্টারের এবাদুল্লাহ (৩০) এবং তিন কিশোর-কিশোরী ও নয় শিশু।

স্থানীয় ফারুক হোসেন নামের এক ব্যক্তি জানান, গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলমগীরের দোকান এলাকায় শিশুসহ কয়েকজন তরুণী ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাৎক্ষণিকভাবে তাদের চরএলাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে সেখান থেকে তাদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, ‘গতকাল শনিবার দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশে পালিয়ে যান ওই রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.