Sylhet Today 24 PRINT

ইভিএমে কেউ একাধিক ভোট দিতে পারবে না: ইসি রাশেদা

সিলেটটুডে ডেস্ক: |  ২৯ আগস্ট, ২০২২

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ইভিএম ব্যবহার করা হলে এক ব্যক্তি একাধিক ভোট দিতে পারবে না। কারণ যন্ত্রটি সংশ্লিষ্ট ভোটারের বাটনের প্রথম চাপটিকেই নিবন্ধন করে নেবে। এটি দ্বারা ভোট প্রদান খুব সহজ এবং প্রতিবন্ধী ব্যক্তিও খুব সহজে এর মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।

সোমবার খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম একটি নিরন্তর প্রক্রিয়া। প্রচার প্রচারণার মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে।


রাশেদা সুলতানা বলেন, হালনাগাদ কার্যক্রমে ভোটারের তথ্যে ভুল-ভ্রান্তি এড়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে নিবন্ধন কেন্দ্রে সংশ্লিষ্ট ভোটারকে তার তথ্য কম্পোজ ও প্রুফের একটি প্রিন্ট দেওয়া হবে। ভোটার সেটা যাচাই শেষে স্বাক্ষর দেবেন।

তিনি বলেন, অন্যবারের মতো এবারও যেন রোহিঙ্গারা ভোটার তালিকাভুক্ত হতে না পারে সে জন্য বিশেষ সর্তকতা অবলম্বন করতে হবে। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন নির্বাচন কমিশনার।

পরিদর্শনকালে খুলনার আঞ্চলিক নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবীর, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এম. মাজহারুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. আসাবুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার অপূর্ব কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.