Sylhet Today 24 PRINT

গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ আগস্ট, ২০২২

কেরানীগঞ্জের জিনজিরায় একটি বাসায় গ্যাসের চুলার লাইন বিস্ফোরনে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে কেরানীগঞ্জ জিনজিরা মান্দাইল মন্দিরের সামনের বাসায় এই আগুনের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মোছাম্মৎ বেগম (৬০), তার মেয়ে সোনিয়া আক্তার (২৬) সোনিয়ার মেয়ে মরিয়ম আক্তার (৮), বেগমের নাতি সাহাদত হোসেন (২০), ও ইয়াছিন (১২) এবং পান্না বেগম (৫০)।

তাদের হাসপাতালে নিয়ে আসা সাহাদতের বন্ধু নাজমুল হাসান সাকিব জানান, দগ্ধরা দ্বিতীয় তলা বাসার নিচ তলায় থাকতো। ভোরে আগুন আগুন বলে চিৎকার শুনে এলাকার লোকজন ওই বাসায় ছুটে যায়। সেখানে ওই ছয়জনকে দগ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধদের বরাত দিয়ে সাকিব জানান, রান্না ঘরে গ্যাসের চুলা জ্বালাতে গেলেই সারা ঘরে আগুন লেগে যায়। সেই আগুনে তারা দগ্ধ হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, নারী শিশুসহ ছয় জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে বেগমের ২৩ শতাংস, ইদুনী ওরফে পান্না বেগমের ৩০ শতাংশ, সাহাদতের ৫২ শতাংশ, সোনিয়ার ২৩ শতাংশ, ইয়াছিনের ২৮ শতাংশ ও মরিয়মের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে।

ইয়াছিনকে আইসিইউতে রাখা হয়েছে। আর বাকিদের হাই ডিপেনডেন্সি (এইচডিইউ) ইউনিটে রাখা হয়েছে। তাদের সবার অবস্থা আশংকাজনক বলেও জানিয়েছেন এই চিকিৎসক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.