Sylhet Today 24 PRINT

দুশ্চিন্তা নেই, দায়িত্বে আছেন শেখ হাসিনা: জাফর ইকবাল

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০২২

ইউক্রেন যুদ্ধ চলছে, যুদ্ধের কারণে আমাদের দেশে তেলের দাম বেড়ে গেল, দেশে হইচই শুরু করল, তেলের দাম বেড়ে গেল, খাবারের দাম বেড়ে গেল, কী হবে? কী হবে? কিন্তু আমার ভেতরে কোনো দুশ্চিন্তা নাই, কারণ দেশের দায়িত্বে আছেন শেখ হাসিনা। তিনি সব জানেন, তিনি আমাদের সমস্ত সমস্যার কথা জানেন, উনি সব সামলাবেন, আমরা উনার হাতে সব দায়িত্ব দিয়ে বসে আছি।

বৃহস্পতিবার বেলা ১১টায় দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া আব্দুল গফুর (এজি) মডেল একাডেমির মাঠে আয়োজিত শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এসব কথা বলেন।

গৌরব ৭১-এর আয়োজনে এবং শেখ রাসেল ফাউন্ডেশন (ইউএসএ ইন্ক) দেবিদ্বার শাখার সহযোগিতায় কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হয়।

দুয়ারিয়া আব্দুল গফুর (এজি) মডেল একাডেমির অধ্যক্ষ মো. আবু সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল ফাউন্ডেশন (ইউএসএ ইন্ক) শাখার সভাপতি ডা ফেরদৌস খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের সিএসই বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক পার্থ চক্রবর্তী, দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ মডেল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, বড়শালঘর এবিএম গোলাম মোস্তফা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, প্রভাষক সফিকুল ইসলাম প্রমুখ।

কোভিড-১৯ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের ব্যাখা দিয়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, বাংলাদেশে বিদেশের বড় বড় পত্রিকায় বড় বড় আর্টিকেল ছাপা হলো- বাংলাদেশে কত লোক মারা গেল, কেউবা বলেন ২ মিলিয়ন, কেউবা বলেন ৪ মিলিয়ন। সব মিলিয়ে ১০ হাজারও মারা যায়নি। শেখ হাসিনা দ্রুত টিকাদানে সব সামলে নিলেন।

মুক্তিযুদ্ধ ও বাংলাদেশে প্রেক্ষাপট নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ একই জিনিস আসলে। পৃথিবীতে খুব কম দেশই আছে যেখানে একটি রাষ্ট্র এবং একটি দেশের মানুষের নাম এক সঙ্গে উচ্চারণ করা যায়। একটার বদলে আর একটা উচ্চারণ করা যায় না।

অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীতে একটা ভয়ংকর ঘটনা ঘটেছে, সেটার নাম ফেসবুক। ফেসবুকে অনেক সময় নষ্ট হয়, এন্ড্রোয়েড মোবাইল ফোনের মূল প্রাণ। তোমরা যেহেতু নতুন প্রজন্মের মানুষ তাই নতুন টেকনোলজি তোমাদের হাতে থাকবে। কিন্তু তোমরা খেয়াল রাখবে এই যে নতুন প্রযুক্তি তারা কিন্তু তোমাদের ব্যবহার করে। তোমরা চেষ্টা করবে প্রযুক্তি ব্যবহার করতে, তোমাদের যেন ব্যবহার না করতে পারে। আর তোমাদের বই পড়ায় বেশি বেশি আগ্রহী হতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.