Sylhet Today 24 PRINT

ছেলের হাতে বাবা খুন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছেলের কাঁচির আঘাতে বেলাল হোসেন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নিহতের আরেক ছেলে।  মঙ্গলবার দুপুর সোয়া ১ টায় উপজেলার ভাটিয়ারী হাসনাবাত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব সুরলিক্কা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। পরিবার নিয়ে তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী হাসনাবাদ এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,দুপুরে পারিবারিক বিষয় নিয়ে ছেলে হেলালের সাথে বেলাল হোসেনের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে বাবাকে কাঁচি দিয়ে কুপিয়ে জখম করে হেলাল। বাবাকে বাঁচাতে এলে ভাই রুবেলকেও কাঁচি দিয়ে আহত করেন অভিযুক্ত। পরে মুমূর্ষ অবস্থায় বেলাল হোসেনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত করে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.